যশোর প্রতিনিধি- নয়ন রায়।
যশোরের মণিরামপুরে চাঞ্চল্যকর এনামুল ইসলাম (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্প।
র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন ২০২৬ রাত ১২টা ১০ মিনিটে যশোর কোতোয়ালী মডেল থানাধীন কিসমত নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— রাব্বি (২২) ও রাকিব। র্যাব জানায়, তারা গত ৮ জুন মণিরামপুর থানাধীন স্মরণপুর জামতলা মোড় এলাকায় সংঘটিত এনামুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম এনামুল ইসলামের নাতনি সুমাইয়াকে স্কুল থেকে ফেরার পথে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রাব্বির সঙ্গে এনামুল ইসলামের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে ৮ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বাড়ি ফেরার পথে স্মরণপুর জামতলা মোড়ে এনামুল ইসলামকে পথরোধ করে চাপাতি ও চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব
মন্তব্য করুন