নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

রিয়াদ বিমানবন্দরে ফের ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১৩; কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদির

সায়মন খান | লিড নিউজ ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর আবারও হামলার ঘটনা ঘটেছে। শনিবারের হামলায় দুই বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এর মধ্যেই রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে নতুন করে আঘাত হানার ঘটনা ঘটেছে। এতে আগুন ধরে যাওয়ার পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন। পরপর এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক বস্তু আঘাত হানে। এতে টার্মিনালের একটি অংশে আগুন ধরে যায়। একই সময়ে বিমানবন্দরের কাছাকাছি আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। হামলার পর বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে প্রথমে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আহত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা ১৩ জনে পৌঁছায়। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন, মিসর, জর্ডান, সিরিয়া ও সুদানের নাগরিকও প্রাণ হারিয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিমান সংস্থা, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে গোষ্ঠীটি।

এদিকে একের পর এক হামলার জবাবে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলা অত্যন্ত গুরুতর অপরাধ। এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

সৌদি আরবের পাল্টা সামরিক অভিযানের মধ্যেই ইয়েমেনের রাজধানী সানাসহ হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। হুতি কর্তৃপক্ষের দাবি, সানায় একটি আবাসিক বাড়িতে হামলায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার প্রভাব পড়েছে সৌদি আরবের বিমান চলাচলেও। রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল অথবা বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া রিয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশি হতাহতের ঘটনায় উদ্বেগ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তাঁরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।

নিহত শাহেদ সৌদি আরবে একটি প্রতিষ্ঠানে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক কারণে বাংলাদেশে এসে পুনরায় কর্মস্থলে ফেরার পথে হামলার শিকার হন তিনি। অন্যদিকে নাসরুল্লাহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন। রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ২৪ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। আহত ব্যক্তিদের সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস।

হামলার পর বিমানবন্দরে আটকা পড়া কয়েক শ বাংলাদেশি যাত্রীর সহায়তায়ও উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের আবাসন, খাবার এবং বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে ঢাকা।

মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা

সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সামরিক সংঘাত তীব্র হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বেসামরিক নাগরিক ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সামরিক অভিযানে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনা বিবেচনার কথা জানিয়েছেন। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তবে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

দীর্ঘদিন ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরব সমর্থিত বাহিনীর সংঘাত চলে আসছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সাম্প্রতিক সময়ে নতুন করে সংঘর্ষ বেড়েছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলার ঘটনায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের বিমান চলাচল, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে লোহিত সাগরসংলগ্ন বাব আল-মান্দাব প্রণালি দিয়ে আন্তর্জাতিক নৌপরিবহনও নতুন নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে।

সর্বশেষ হামলার পর সৌদি আরবের পাল্টা সামরিক পদক্ষেপ এবং হুতিদের নতুন হুমকির কারণে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট দেশগুলোর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে ফের ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১৩; কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদির

১

টেস্টে ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ, হ্যাটট্রিকের নেপথ্যে লিটনের পরামর্শ

২

পাকিস্তানের রাজধানীতে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

৩

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

৪

সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান

৫

হাসানের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

৬

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

৭

লক্ষ্মীপুরে মাদ্রাসার শিশুদের পায়ে শিকল, নির্যাতনের ভিডিও ছড়িয়ে তীব্র ক্ষোভ

৮

নবীনগরের মিরপুর শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে হাজী সাইদুল আলম সোরাফ

৯

ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন ছাত্রলীগের রোটন, ফিরলেন লাশ হয়ে

১০

বিক্ষোভ ঠেকাতে রাজধানী অচল নয়, দিল্লি পুলিশকে কড়া নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

১১

কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, হুতিদের বিরুদ্ধে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

১৪

লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ

১৫

দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

১৭

সার সিন্ডিকেটের বিরুদ্ধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার।

১৮

ভোটার তালিকা নিয়ে উত্তাল দিল্লি, ‘ককরোচ’ আন্দোলনের নেতা আটক

১৯

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

২০