এইচ এম মাহমুদ হাসান
‘স্বপ্নের শুরু এখান থেকেই’—এই স্লোগানকে সামনে রেখে মুঠোফোন, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর যন্ত্রের (ডিজিটাল ডিভাইস) আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০২৬। উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উত্তরা ১১, ১২ ও ১৫ নম্বর সেক্টরের তিনটি ফুটবল একাডেমি অংশ নেয়।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো—১২ নম্বর সেক্টর ফুটবল একাডেমি, ১১ নম্বর সেক্টর ফুটবল একাডেমি ও ১৫ নম্বর সেক্টর ফুটবল একাডেমি। অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১৪—দুই বয়সভিত্তিক বিভাগে খেলাগুলো অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে ১১ নম্বর সেক্টর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন এবং ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি ফুটবল একাডেমি রানার্সআপ হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু। সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিন মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তঃফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ মান্না।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ডিজিটাল ডিভাইসনির্ভরতা কমিয়ে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের মধ্যে শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলাই এ প্রশিক্ষণ ক্যাম্পের অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন