মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। একই দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, লাভরভের অনুরোধে দুই পররাষ্ট্রমন্ত্রী ‘মার্কিন-রাশিয়া সম্পর্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান ইস্যুতে আলোচনা করেছেন।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে মঙ্গলবার রাশিয়ার হামলায় ইউক্রেনে ২১ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর এ হামলাকে ‘চরম ধৃষ্টতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, আগামী ৯ মে কুচকাওয়াজের আগে যুদ্ধবিরতির কথা বললেও রাশিয়া প্রাণঘাতী হামলা চালিয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানান তিনি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুবিও ও লাভরভের মধ্যে ‘গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ’ কথোপকথন হয়েছে।
মন্ত্রণালয়টি আরও জানায়, উভয় পক্ষ বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, রুশ-মার্কিন সম্পর্ক এবং দ্বিপাক্ষিক যোগাযোগের সময়সূচি নিয়েও মতবিনিময় করেছে।
মন্তব্য করুন