জেলার কালীগঞ্জের ষাটবাড়িয়া গ্রামে আজ বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া বাবু নামে আরেক যুবক আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ষাটবাড়িয়া মনোহরপুর গ্রামের গ্রামের মাঠ থেকে স্যালোইঞ্জিন চালিত ট্রলি গাড়িতে এক কৃষকের ধান পরিবহন করছিলেন শামীম হোসেন। এ সময় ট্রলি থেকে ধান নামানোর সময় ধান মাড়াই মেশিনের বিদ্যুৎ সংযোগের সঙ্গে ট্রলি গাড়ি জড়িয়ে পড়ে। এ সময় শামীম ও বাবু নামে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে শামীম ও বাবুকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাবু নামে অপর যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আনার আগেই শামীমের মৃত্যু হয়েছে। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বাসস’কে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করা হবে। নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি।
মন্তব্য করুন