সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এবার ব্যক্তির সঙ্গে নয়, শত্রুতার শিকার হয়েছে কৃষকের লাউগাছ!
উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি দক্ষিণ-পশ্চিম পাড়ায় এক কৃষকের জমিতে রোপণ করা এক সারির বেশ কয়েকটি লাউগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক সেলিম মিয়া।
ভুক্তভোগী সেলিম মিয়া জানান, প্রায় ২৫ শতক জমিতে অনেক যত্ন করে লাউ চাষ করেছিলেন তিনি। গাছগুলোতে লাউ ধরতে শুরু করেছিল। এতে ভালো ফলনের আশাও করেছিলেন।
কিন্তু মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে জমিতে গিয়ে দেখতে পান, এক সারির বেশ কয়েকটি লাউগাছের গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।
এ ঘটনায় খলিল মিয়া নামে এক ব্যক্তিকে দায়ী করে সেলিম মিয়া অভিযোগ করেন, লোকজন ঘটনাস্থলে আসতে দেখে অভিযুক্ত ব্যক্তি সব গাছ না কেটেই সেখান থেকে চলে যান।
তবে সেলিম মিয়ার অভিযোগ অস্বীকার করেছেন খলিল মিয়া। তিনি বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, কাজে ছিলেন। পরে বাড়ি থেকে ফোন পেয়ে ফিরে এসে গাছ কাটার বিষয়টি জানতে পারেন। কে বা কারা গাছগুলো কেটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এদিকে কৃষকের কষ্টের ফসল এভাবে কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। কৃষকের দাবি, গাছগুলো কেটে ফেলায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে প্রকৃতপক্ষে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী কৃষক সেলিম মিয়া ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন