বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, বাংলাদেশকে যদি সর্বাত্মকভাবে সুসংহত এবং বহু সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের যেমন সহনশীল ও উদার হতে হবে, তেমনি আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ আয়োজিত ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশের বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নিঃসন্দেহে বহু সংস্কৃতির দেশ উল্লেখ করে ড. মাহবুব উল্লাহ বলেন, এখানে বাঙালি বা মুসলমান বাঙালিদের সংস্কৃতি প্রধান। পাশাপাশি ক্ষুদ্রতর জনগোষ্ঠীগুলোর নিজস্ব সংস্কৃতি, পরিচয়, খাদ্য ও ভাষা আছে।
নিজের সংস্কৃতি নিয়ে গর্বিত নাগরিকরা যদি দেখে রাষ্ট্র তাদের সংস্কৃতিকে মেনে নিচ্ছে ও সমর্থন করছে, তাহলে তারা অন্য সংস্কৃতির নাগরিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উদারনৈতিক সমাজ গড়ার চেষ্টা করবে।
তিনি বলেন, এ দেশে একসময় জবরদস্তির ভাষাও ব্যবহৃত হয়েছে। সত্তরের দশকের শুরুতে শেখ মুজিবুর রহমান রাঙ্গামাটিতে গিয়ে বলেছিলেন, ‘তোরা সব বাঙালি হয়ে যা’।
পাহাড়ের জনগোষ্ঠী এটি মেনে নেয়নি।
সংবিধান প্রণয়নের সময় মানবেন্দ্র নারায়ণ লারমা সংসদে বলেছিলেন, একজন বাঙালি চাকমা হতে পারে না, একজন চাকমা বাঙালি হতে পারে না, একজন চাকমা বাংলাদেশি হতে পারে।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে এই শিক্ষাবিদ বলেন, পাহাড়ের জনগোষ্ঠী কমপক্ষে ১২টি জাতিতে বিভক্ত। এদের আমরা কীভাবে মূল সংস্কৃতি, মূলধারা ও মূল রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করবো? আমরা যদি সত্যিকারের বহু সংস্কৃতির চেতনা গ্রহণ করি, তাদের সংস্কৃতিকে শ্রদ্ধা করি, মেনে নিই এবং রাষ্ট্রীয় পরিসরে স্থান করে দিই, তাহলে হয়ত একটি সুসমাধান আসতে পারে।
সেই সঙ্গে আমরা তাদের অর্থনৈতিক অভিযোগগুলোরও সমাধানের চেষ্টা করতে পারি।
তিনি বলেন, দুর্ভাগ্যের বিষয়, আমরা এসব প্রচেষ্টা যত আন্তরিকভাবেই করি না কেন, সীমান্তের ওপার থেকে উসকানি আসে, বিদ্রোহের জন্য সব রকম সহায়তাও দেওয়া হয়। ফলে এই ঐক্য চেতনা আগামী দিনে কতটা সবল হবে এবং শিকড় গাড়বে, তা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। তবে যারা দেশ চালান, তারা বিষয়টা গভীরভাবে ভেবে রাষ্ট্রীয় সত্তার মর্যাদা রক্ষা করে কথা বলার দ্বার উন্মুক্ত করলে এখন না হোক, দূর ভবিষ্যতে হয়ত সাফল্য আসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ বহু ধর্মের, বহু ভাষার, বহু রকম সাংস্কৃতিক বৈচিত্র্েযর দেশ। কিন্তু এরপরেও রাষ্ট্রের মূল প্রশ্নে আমরা এক ও অভিন্ন।
তিনি বলেন, বহুত্ববাদ বলতে আমরা নিছক সহনশীলতা বুঝবো না। সত্যিকার সাংস্কৃতিক বহুত্ববাদ তাকেই বলে, যেখানে থাকে পারস্পরিক স্বীকৃতি এবং সংলাপমূলক সহাবস্থান।
প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, বিশ্বাস, লোকজ ঐতিহ্য এবং জীবনবোধকে সমান মর্যাদায় রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে হবে।
উপাচার্য বলেন, আমাদের মনে রাখা দরকার, সংখ্যাগরিষ্ঠের অধিকার যেন কোনো সংখ্যালঘুর বঞ্চনার কারণ না হয়। আমরা চাই বাংলাদেশ অচিরেই এমন একটি রাষ্ট্র হয়ে উঠবে, যেখানে কোনো মানুষ তার ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে নিজেকে ক্ষুদ্র মনে করবে না।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের (এইচএমআর) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, এ দেশের মালিকানা প্রতিটি মানুষের সমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রেইনবো নেশনে সংখ্যাগুরু জাতিগোষ্ঠীর যে মালিকানা থাকবে, মাত্র ২০০ বা ৩০০ জনের ক্ষুদ্রতম জাতিগোষ্ঠীরও সমান মালিকানা থাকবে। এখানে কোনো বৈষম্য থাকবে না।
এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা আলোচক হিসেবে অংশ নেন।
মন্তব্য করুন