নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় শীতকালীন আগাম সবজির আবাদ চলছে পুরোদমে। পোকার আক্রমণ ও রোগবালাই থেকে ফসল রক্ষায় জমিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক। তবে অনেক কৃষক সঠিক পরামর্শ ও নির্ধারিত মাত্রা না জেনে অনুমান, অন্যের দেখাদেখি কিংবা কীটনাশকের দোকানির পরামর্শে এসব রাসায়নিক প্রয়োগ করছেন।ঘন ঘন ও অনিয়ন্ত্রিত ব্যবহারের পাশাপাশি ফসল সংগ্রহের আগে নির্ধারিত বিরতি না মানলে খাদ্যে কীটনাশকের অবশিষ্টাংশ থেকে যাওয়ার ঝুঁকি থাকে। এতে কৃষক ও ভোক্তার স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ডিমলায় প্রায় ২৬ হাজার ২৫৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে পেঁয়াজ, ৩২৮ হেক্টরে গম এবং ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯ হেক্টর জমিতে।
উপজেলার সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা, বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা, পশ্চিম ও পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, নাউতারা, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানীসহ বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে তারা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছেন। তবে কোন পোকার জন্য কোন ওষুধ প্রয়োজন, কতটুকু প্রয়োগ করতে হবে এবং শেষবার কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের আগে কত দিন অপেক্ষা করতে হবে, সে বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।কুটিরডাঙ্গা এলাকার কৃষক লোকমান হোসেন বলেন, ‘এই ওষুধ দিলে পোকা মারা যায়, এটুকুই জানি। কতটুকু দিতে হবে, তা নির্দিষ্ট করে জানা নেই। অন্যরা যেভাবে ব্যবহার করেন, আমরাও সেভাবেই দিই।’স্থানীয় কৃষক নূর হোসেন বলেন, ‘পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কীটনাশক ব্যবহার করতে হয়। অনেক সময় দোকানদারের পরামর্শে কিংবা অন্যদের দেখাদেখি ওষুধ দিই। কোন ওষুধ কতটুকু দিতে হবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা নেই। ঘন ঘন কীটনাশক দিতে গিয়ে উৎপাদন খরচও বাড়ছে।’
গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, ‘অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত রাসায়নিক কীটনাশক ব্যবহারে মাটির উপকারী কেঁচো, ছত্রাক ও ব্যাকটেরিয়াসহ অন্যান্য জীব ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে মাটির জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। কিছু কীটনাশক মাটি ও পানিতে ছড়িয়ে পড়তে পারে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।’
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আতিকুজ্জামান খান বলেন, ‘কীটনাশক ব্যবহারের সময় শ্বাস-প্রশ্বাস, ত্বকের সংস্পর্শ কিংবা দুর্ঘটনাবশত গ্রহণের মাধ্যমে রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে। কীটনাশকের ধরন, মাত্রা ও সংস্পর্শের সময় অনুযায়ী বিষক্রিয়ার ঝুঁকি তৈরি হয়। কিছু কীটনাশকের দীর্ঘমেয়াদি সংস্পর্শে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। নির্দিষ্ট কিছু কীটনাশকের সঙ্গে ক্যানসারের ঝুঁকির সম্পর্কও পাওয়া গেছে। তাই কীটনাশক প্রয়োগের সময় প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার ও নির্দেশনা মেনে চলা জরুরি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিক বলেন, ‘জমিতে পোকা দেখা দিলেই কীটনাশক প্রয়োগ করা উচিত নয়। আগে পোকার ধরন ও আক্রমণের মাত্রা শনাক্ত করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী অনুমোদিত কীটনাশক লেবেলে উল্লেখিত মাত্রায় ব্যবহার করতে হবে। একই সঙ্গে ফসল সংগ্রহের আগে নির্ধারিত বিরতি মেনে চলতে হবে। এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। সমন্বিত বালাই ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, ‘উপজেলায় প্রায় ৬২ হাজার কৃষককে সার কার্ড দেওয়া হয়েছে। এসব কার্ডের মাধ্যমে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বছর কৃষকেরা চাহিদা অনুযায়ী সহজেই সার ও অন্যান্য কৃষি উপকরণ পাচ্ছেন। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘কৃষকদের নিরাপদ ও সঠিক পদ্ধতিতে কীটনাশক ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুমোদিত কীটনাশকের তালিকাও সরবরাহ করা হয়েছে। তালিকার বাইরে কোনো কীটনাশক ব্যবহার না করার পাশাপাশি নির্ধারিত মাত্রা মেনে চলতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’
মন্তব্য করুন