চট্টগ্রাম মহানগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে আরও তৎপরতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় সিএসপি কমিশনার হত্যা মামলাসহ বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকরের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণকে কার্যকর পুলিশি সেবা দিতে হবে। অভিযোগ ও দায়ের করা মামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সব থানা ও ডিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে আরও সতর্ক থাকার পাশাপাশি মামলার নিষ্পত্তির হার বাড়াতে উপ-পুলিশ কমিশনারদের নির্দেশ দেন সিএমপি কমিশনার।
সভায় ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
সভায় অক্টোবর মাসে বিভিন্ন দায়িত্ব পালনে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুলিশ সদস্যদের স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হয়।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরিফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন