নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

 ব্রাজিলের আমাজন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা থেকে শুরু করে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল—এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এল নিনো এমন একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যার ফলে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের উপরিভাগের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের এল নিনো রেকর্ডের সবচেয়ে শক্তিশালী হতে পারে। আগামী ডিসেম্বর মাসে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

ব্রাজিলে জরুরি অবস্থা

তীব্র খরায় আক্রান্ত ব্রাজিলের পারা রাজ্যে আমাজন অববাহিকায় শত শত দাবানলের কারণে গত বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে রাজ্যটিতে ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। সংখ্যাটি ২০২৫ সালের পুরো নভেম্বর মাসে সংঘটিত দাবানলের সংখ্যার প্রায় সমান।

জরুরি অবস্থার আওতায় আমাজন অঞ্চলে চারণভূমি তৈরির জন্য আগুন দিয়ে বন ও জমি পরিষ্কার করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বন আমাজন বৈশ্বিক উষ্ণায়ন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে, নভেম্বরের শুরুতে এল নিনোর প্রভাবে বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা ৯০ লাখের বেশি মানুষের নিরাপত্তা বিবেচনায় জরুরি অবস্থা ঘোষণা করে পেরু।

আইভরি কোস্টে কোকো উৎপাদন কমার আশঙ্কা

বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে চলতি বছরের এল নিনোর প্রভাবে কোকো উৎপাদন এক-চতুর্থাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, পানির ঘাটতি ও অতিরিক্ত তাপমাত্রার কারণে কোকো উৎপাদন ২১ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এল নিনোর প্রভাবে দেশটিতে বৃষ্টিপাত ১০ থেকে ২৭ শতাংশ কমতে পারে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে ও শুষ্ক মৌসুম দীর্ঘায়িত হবে।

এর ফলে কোকোর অপরিপক্ব ফল সময়ের আগেই শুকিয়ে যেতে পারে এবং গাছের পাতা ঝরে পড়তে পারে। এতে কৃষকেরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

এল নিনো নিয়ে আবহাওয়াবিজ্ঞানীদের পর্যবেক্ষণ

জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হয়ে চলতি বছর ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন গবেষকেরা।

বিশ্ব আবহাওয়া বিশ্লেষণকারী গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ)-এর বিজ্ঞানীদের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে চরম বৃষ্টিপাতের ঘাটতির জন্য প্রধানত এল নিনো দায়ী।

গবেষকেরা জানান, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন এ ধরনের আবহাওয়াগত পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রায় তিন গুণ বাড়িয়ে দিয়েছে।
তাদের মতে, বন উজাড়, কৃষিজমি তৈরির জন্য পিটভূমির পানি নিষ্কাশন, খননকাজ ও কাঠ আহরণও ভয়াবহ দাবানলের অন্যতম কারণ।

স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় প্রায় ২৯ লাখ হেক্টর (৭১ লাখ একর) বনভূমি দাবানলে পুড়ে গেছে।

এখন ব্যবস্থা নিলে ব্যয় অর্ধেক কমবে

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান শুক্রবার বলেছেন, এল নিনোর ভয়াবহ প্রভাব মোকাবিলায় এখনই পদক্ষেপ নিলে পরে ব্যবস্থা নেওয়ার তুলনায় খরচ অর্ধেক কম হবে।

সংস্থাটির প্রধান আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘এল নিনোর প্রভাব মোকাবিলায় এখনই ব্যবস্থা নিলে প্রয়োজন হবে ৩৬ বিলিয়ন ডলার। আর এখন ব্যবস্থা না নিলে এই ব্যয় বেড়ে ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে।’

তুরস্কে জাতিসংঘের জলবায়ু আলোচনার এক ফাঁকে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো—এল নিনো ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে কীভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে মানুষের জীবন, কৃষি উৎপাদন ও অবকাঠামো রক্ষা করা সম্ভব।

খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, চলতি বছরের এল নিনোর কারণে সৃষ্ট খরা ও বন্যায় এমন অনেক দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেগুলো আগে থেকেই তীব্র খাদ্যসংকটে ভুগছে।

সংস্থাটির চিহ্নিত সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ২২টি দেশের অর্ধেকেরও বেশি আফ্রিকায় অবস্থিত। বাকি দেশগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ছড়িয়ে রয়েছে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এএফপিকে বলেন, ‘জলবায়ুগত বিপর্যয় যখন আগে থেকেই বিদ্যমান দুর্বলতার সঙ্গে যুক্ত হয়, তখনই সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘যেসব দেশ ইতোমধ্যেই সংঘাত, অর্থনৈতিক সংকট, উচ্চ ঋণের বোঝা কিংবা কৃষি উপকরণের সীমিত প্রাপ্যতার সমস্যায় রয়েছে, সেখানে এল নিনো খাদ্যব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে পারে।’

তার মতে, এর ফলে আরও বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারেন।

তোরেরো বলেন, খাদ্যপণ্য ও গবাদিপশু রক্ষা এবং পানির সরবরাহ নিশ্চিত করতে এল নিনোর সম্ভাব্য প্রভাব আগেভাগে মোকাবিলা করা জরুরি। তা না হলে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০