সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধ ও চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লাস্থ বিজিবির ১০ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলোতে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হলো:
গাঁজা: ১৭ হাজার ৩১১ কেজি
ইয়াবা ট্যাবলেট: ১ লাখ ৩৫ হাজার ১৮৫ পিস
ভারতীয় হুইস্কি: ৪০ হাজার ৯৬৪ বোতল
এসকাফ সিরাপ: ২৫ হাজার ২৭ বোতল
ফেনসিডিল: ১০ হাজার ২৯৪ বোতল
বিয়ার: ৯ হাজার ১৪৫ ক্যান/বোতল
সিগারেট: ৩০ হাজার ৫০ প্যাকেট
এ ছাড়াও বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকজাত ট্যাবলেট ও নেশাজাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “মাদকাসক্তি তরুণ প্রজন্মের মেধা, স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ।
সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র যাতে দেশে মাদক প্রবেশ করাতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত দেশ গড়তে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন