সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামে নবীনগর থানার এএসআই প্রদীপ দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি জলিল মিয়াকে (৫২) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জলিল মিয়া মনিপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
অন্যদিকে, নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে এএসআই প্রদীপ দাস ও দিলীপ দাসের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় ডাকাতির প্রস্তুতি নেওয়ার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাকিলকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে দোলাবাড়ি গ্রামের নুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় পলাতক ছিল। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন