সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশ রোডের টিয়ারা গ্রামের গোবিন্দপুর নামক স্থানে সড়কে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটির ওই অংশে বড় ধরনের গর্ত বা ফাটলের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার তৈরি হয়েছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, হালকা ও ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
বিশেষ করে রাতের বেলা বা দূরপাল্লার যানবাহন চলাচলের সময় গর্তটি ঠিকমতো দেখতে না পেয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সচেতন মহল ও পথচারীরা দ্রুত এই বিপজ্জনক গর্তটি মেরামত করে যান চলাচল নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন