লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে অতিরিক্ত উচ্চতা ও ত্রুটিপূর্ণ কাঠামোর কারণে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে ওয়েস্টার্নপাড়া ডাকবাংলো ব্রিজ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পঙ্গুত্ব বরণ করছেন পথচারীরা। এই ঝুঁকিপূর্ণ ব্রিজটির দ্রুত সংস্কার এবং নিরাপদ চলাচলের দাবিতে এবার ঐক্যবদ্ধ হয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো ব্রিজের ওপর ‘আমরা ওয়েস্টার্ন পাড়া এলাকাবাসী’র ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আর নয় দুর্ঘটনা, চাই নিরাপদ সেতু’ দাবিতে মুখরিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্কুল-মাদ্রাসার শত শত শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেতুটি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। সেতুর অদূরেই দেশের অন্যতম বিদ্যাপীঠ ‘লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা’ অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজারো শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হতে হয়। পর্যাপ্ত নিরাপত্তা রেলিং ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় ইতোমধ্যে এখানে একাধিক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মানববন্ধনে অনতিবিলম্বে ব্রিজটির উচ্চতা কমিয়ে জনবান্ধব ও নিরাপদ সেতুতে রূপান্তর করার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও তীব্র ও শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো: আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আবুল বাশার সেলিম এবং ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো: কামাল হোসেন শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির মিয়া, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিয়াজ মাহমুদ, কাজী সাইফুল্লাহ, মাদ্রাসার অধ্যাপক মাওলানা ফিরোজ মাহমুদ ও সাংবাদিক শাহীন কুতুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন