ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, তিক্ত সম্পর্কের ইতিহাস থাকা এই দুই নেতার মধ্যে এটি হবে দ্বিতীয় বৈঠক।
নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার প্রেসিডেন্ট লুলাকে একটি কর্মসূচিভিত্তিক সফরে স্বাগত জানাবেন। তারা পারস্পরিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন।’
এর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বছর মালয়েশিয়ায় একবারই মুখোমুখি হন ট্রাম্প ও লুলা। চলতি বছরের শুরুতে ওয়াশিংটনে আরেকটি বৈঠকের পরিকল্পনা থাকলেও তা হয়নি।
৮০ বছর বয়সী লুলা ও ৭৯ বছর বয়সী ট্রাম্প বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো বিষয়ে বিপরীত অবস্থানে রয়েছেন।
মালয়েশিয়ায় বৈঠকের পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। ওই বৈঠকের পর ব্রাজিলের ওপর আরোপিত শাস্তিমূলক শুল্ক তুলে নেয় যুক্তরাষ্ট্র।
তবে ভেনেজুয়েলায় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণ থেকে শুরু করে ইরান যুদ্ধ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় সরব ছিলেন লুলা।
কারাবন্দী সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প।
আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বলসোনারোর জ্যেষ্ঠ ছেলে ফ্লাভিওকে।
মন্তব্য করুন