হাফসা আক্তার :
নিরাপদ, স্বচ্ছ ও দালালমুক্ত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইথিক্যাল মাইগ্রেশন প্রক্রিয়ার আওতায় ইউরোপের দেশ সার্বিয়ায় প্রথম ব্যাচের ১১ জন বাংলাদেশি কর্মী প্রেরণ করেছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি) (আর.এল. নং–৫২৩)। এই উদ্যোগকে বৈধ ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
রবিবার (২১ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা তুরাগ এলাকার দিয়াবাড়িতে অবস্থিত জে. আই. ইসলামিক সাইন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রাঙ্গণে কর্মী প্রেরণ উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে
কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইথিক্যাল মাইগ্রেশনের ধারণা, কর্মীদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ইউরোপে বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়োজনীয় বিমানবন্দর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকাল ৪টায় কর্মীরা সার্বিয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যাবে।
এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি)-এর কর্মকর্তারা জানান, ইথিক্যাল মাইগ্রেশন মানে হলো সম্পূর্ণ দালালমুক্ত প্রক্রিয়া, স্বচ্ছ ও লিখিত চুক্তি, মানবিক মর্যাদা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কর্মসংস্থান। এই মডেলের মাধ্যমে বাংলাদেশ থেকে ইউরোপে নিরাপদ শ্রম অভিবাসনের একটি টেকসই ও অনুসরণযোগ্য উদাহরণ তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি)-এর পক্ষে উপস্থিত ছিলেন সেলিম আহমেদ, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ আজহার এবং মোঃ সানাউল্লাহ।
কর্তৃপক্ষ জানান,
প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি) শতভাগ স্বচ্ছতা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী প্রেরণে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বৈধভাবে ইউরোপের দেশ রোমানিয়াতে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সি হিসেবেও পরিচিত। বিশেষ করে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী সফলভাবে রোমানিয়াতে প্রেরণ করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও প্রতিষ্ঠানটির নিজস্ব প্রশিক্ষণ ও টেস্টিং সেন্টার রয়েছে, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন ট্রেডে এখানে স্বল্পমেয়াদি ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে কর্মীরা বিদেশে গিয়ে দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন।
ভবিষ্যতেও ইথিক্যাল ও জিরো কস্ট মাইগ্রেশন মডেলে দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে দেশের কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি)।
মন্তব্য করুন