(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার রানী বৃন্দরানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। ক্ষুদে ফুটবলাররা তাদের দারুণ দক্ষতা, গতি ও দলীয় সমন্বয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
বালিকা বিভাগের ফাইনালে সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে দুই দল সমানে সমান লড়াই করায় খেলার ফল নির্ধারিত হয় টাইব্রেকারে।
অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই বিভাগের ফাইনালেই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান এবং নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য।
মন্তব্য করুন