ঢাকা, ৩ নভেম্বর:
রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে এ চক্রের মূল হোতা কুখ্যাত মাদক কারবারি মো. রাকিব হোসেন (২৫) পালিয়ে গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সজীব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)।
ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় সূত্রে জানা যায়, সংস্থার মহাপরিচালক মো. হাসান মারুফের দিকনির্দেশনায় এবং উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কড়াইল বস্তির জামাই বাজার মাটির রাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় পলাতক আসামি রাকিব হোসেনের ভাড়া করা তিন কক্ষবিশিষ্ট বসতঘরে তল্লাশি চালিয়ে ১০৩ পিস ইয়াবা, ১০০টি পুড়িয়ায় থাকা ১০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
ডিএনসি জানায়, পলাতক রাকিব হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে সে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবা ও হেরোইনের বাণিজ্য চালিয়ে আসছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় ডিএনসির গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন বাদী হয়ে গ্রেফতারকৃত দুই জন এবং পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মন্তব্য করুন