নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং সেখান থেকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে লাগেজ ও ট্রলি নিয়ে সৃষ্ট জটিলতাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আগের রাতে বিমানবন্দর থানায় মামলা হয়। ওই মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় পৌঁছানোর পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ সংগ্রহ করতে যাত্রীদের কিছুটা সময় অপেক্ষা করতে হয়। এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান।
পুলিশের অভিযোগ, ওই সময় আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন এবং তাঁকে হুমকি দেন। পরে তাঁর সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, এ সময় আখতারুজ্জামান ওই নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ক্ষতিগ্রস্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় আনা হয়েছে।
ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। ঘটনার প্রকৃত চিত্র জানতে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া এবং অন্যান্য আলামত যাচাই করা হচ্ছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একসময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। পরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২০২২ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হন তিনি।
পরবর্তী সময়ে ২০২৩ সালের ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কথা জানা যায়। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয়ে বক্তব্য দিয়েও আলোচনায় ছিলেন সাবেক এই সংসদ সদস্য।
বিমানবন্দরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পর এখন তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়।
মন্তব্য করুন