বিনোদন ডেস্ক, লিড নিউজ ২৪:
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর নতুন সংস্করণ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর (Avengers: Endgame – Encore) বেশ কিছু নতুন দৃশ্য মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই দৃশ্যগুলোর সাথে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (Avengers: Doomsday) ছবির সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে এবার ভক্তদের স্পয়লার না ছড়ানোর অনুরোধ জানালেন ছবির পরিচালক জুটি অ্যান্থনি ও জো রুশো, যারা মার্ভেল ভক্তদের কাছে ‘রুশো ব্রাদার্স’ নামেই বেশি পরিচিত।
আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’। এতে প্রায় চার মিনিটের নতুন ফুটেজ যুক্ত করা হয়েছে। কিন্তু মুক্তির কয়েকদিন আগেই আর্লি স্ক্রিনিং থেকে এই দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মার্ভেল স্টুডিওস অবশ্য দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফাঁস হওয়া এসব ফুটেজ সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফাঁস হওয়া ফুটেজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুশো ব্রাদার্স ভক্তদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তারা বলেন, “আমাদের একটি শেষ অনুরোধ। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এ বেশ কিছু নতুন চমক রয়েছে। দয়া করে অন্যদের জন্য এগুলো স্পয়েল করবেন না। আপনি যেমন চমকগুলো আবিষ্কার করার সুযোগ পেয়েছেন, অন্যদেরও সেই একই সুযোগ দিন”।
ফাঁস হওয়া দৃশ্যগুলোতে ব্রুস ব্যানার, লোকি, স্টিভ রজার্স, পেগি কার্টার এবং টিভিএ-র (TVA) উপস্থিতি রয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছে রবার্ট ডাউনি জুনিয়রের ‘ভিক্টর ফন ডুম’ বা ডক্টর ডুম চরিত্রের আভাস। শোনা যাচ্ছে, একটি দৃশ্যে ডক্টর ডুমকে তার মুখোশ তৈরি করতে দেখা গেছে। এছাড়া মাল্টিভার্স বা ৩,০০০ ইউনিভার্স ধ্বংস হওয়ার একটি দৃশ্যও ফাঁস হয়েছে বলে গুঞ্জন উঠেছে, যা টনি স্টার্কের বিখ্যাত ‘আই লাভ ইউ ৩০০০’ সংলাপের কথা মনে করিয়ে দেয়।
মূলত, ইনফিনিটি সাগা এবং মার্ভেলের বর্তমান মাল্টিভার্স স্টোরিলাইনের মধ্যে যোগসূত্র স্থাপন করতেই ‘এনকোর’ সংস্করণটি মুক্তি দেওয়া হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন নির্মাতারা। রবার্ট ডাউনি জুনিয়র এবার আর টনি স্টার্ক হিসেবে নয়, বরং ভিক্টর ফন ডুম হিসেবে এমসিইউ-তে (MCU) ফিরছেন।
মন্তব্য করুন