গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মো. নুরু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নুরু মিয়া গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গাইবান্ধা সদর থানাধীন পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে পাকা রাস্তায় নুরু মিয়াকে সন্দেহজনক অবস্থায় দেখে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত চেক লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ হাজার টাকা।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ আইনি প্রক্রিয়ায় গাঁজাগুলো জব্দ করা হয় এবং আসামি নুরু মিয়াকে গ্রেফতার দেখানো হয়।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে গাইবান্ধার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মন্তব্য করুন