খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাইকগাছা উপজেলার হরিদাসকাটি গ্রামের মৃত বিনোদর হোরের ছেলে তাপস হোর (৬০) এবং সোনাতনকাটির শেখ ওবাইদুরের ছেলে দিদার আহমেদ (৪৫)। দুর্ঘটনায় আরও অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ন-১৩-০৯১২) পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। একই সময় পেছন থেকে আসা অপর একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, সড়কটির এক পাশ লবণচরা এবং অন্য পাশ হরিণটানা থানার আওতাভুক্ত। এ ঘটনায় হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন