বৃষ্টিতে ভেসে গেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। সিরিজের প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ৮ উইকেটে এবং ১৪ রানে জিতেছিল ভারত।
দ্বিতীয় ম্যাচ ৬ উইকেটে এবং চতুর্থ ম্যাচে ২৪ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে ব্যাঙ্গালুরুতে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ায়নি। দু’ঘন্টা অপেক্ষার পর ম্যাচ মাঠে গড়ানোর সুযোগ হলে, ৯ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭.৪ ওভারে ৫ উইকেটে ১১৮ রান তুলে ভারত। এরপর বৃষ্টিতে আবারও বন্ধ হয় খেলা। দীর্ঘ সময় অপেক্ষার পরও ম্যাচ আর মাঠে গড়ানো সম্ভব না হলে শেষ পর্যন্ত সিরিজ নির্ধারনী ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়াররা।
ভারতের ৭.৪ ওভারের ইনিংসে ব্যাট হাতে ইশান কিশান ১০ বলে ৩০, নামা ধীর ৬ বলে অপরাজিত ২৪, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৪ বলে ২২ ও সঞ্জু স্যামসন ৭ বলে ১৬ রান করেন। কেমো পল ও শামার স্প্রিঙ্গার ২টি করে উইকেট নেন।
সিরিজে দুই সেঞ্চুরিতে ২৬১ রান করায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া।
মন্তব্য করুন