মাহিদুল ইসলাম ফরহাদঃচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মো. আল-মামুন (৪০) নামে অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ থানাধীন ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার ৭ নম্বর শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওমরপুর হঠাৎপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে। এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির সামনে খড় রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, পলাতক আল-মামুনের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।এসআরবি-৫ সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামি আল-মামুনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন