বিশেষ প্রতিনিধি:
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিন মাহমুদ (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রওশন জামান এবং এসআই (নিঃ) শেখ মসিউল ইসলামের নেতৃত্বে একটি টিম বাউনিয়া বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে মাদক বিক্রয়ের সংবাদ পায়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর ৫:৪৫ টায় তুরাগ থানাধীন খানটেক, প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের ৪ নম্বর বাসার ৯ তলার ৮/বি নম্বর ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্ল্যাটের মাস্টার বেডরুমের ওয়ারড্রব তল্লাশি করার সময় আসামির নিজ হাতে বের করে দেওয়া দুটি নীল রঙের জিপার ব্যাগে রক্ষিত ৩৭৫ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সকাল ৬:০০ টায় তা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ জানায়, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ তুরাগ থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আসামির সিডিএমএস (CDMS) ডাটাবেজ যাচাই করে পূর্বেও ১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৮, জিআর নং-২০৪, তারিখ: ২৮/০৯/২০২৬) রুজু করা হয়েছে।
মন্তব্য করুন