সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের নির্মম ধাক্কায় মা-ছেলে ও চালকসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০), তার ৫ বছর বয়সী শিশুপুত্র আশরাফুল এবং অটোরিকশা চালক মাহবুব (৪৫)। এ ঘটনায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও চার বছরের কন্যাসন্তান আদিবা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য করুন