স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। গতরাতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম নেদারল্যান্ডসের কাছে হারল টাইগ্রেসরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ওপেনার হেথার সিজারের হাফ-সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে ডাচরা। সিজার ৪৩ বলে ৫২ রান করেন।
ফারিহা তৃষ্ণা ২টি, মারুফা আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
জবাবে ১৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। দিলারা আক্তার ৯ ও শারমিন আক্তার ২ রান করেন।
ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের সাথে ৩৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জুয়াইরিয়া ২২ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন জ্যোতি।
শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল বাংলাদেশের। তখনও ক্রিজে ছিলেন জ্যোতি। কিন্তু শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯ রান তুলতে পারে টাইগ্রেসরা। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ। ৭ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৭৭ রান করেন জ্যোতি।
ব্যাট হাতে হাফ-সেঞ্চুরির পর বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সিজার।
আগামীকাল ফিরতি পর্বে আবারও স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন