জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
ড. খলিলুরের নেতৃত্ব ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি তার অঙ্গীকারের ওপর গভীর আস্থা প্রকাশ করেছেন তিনি।
গত মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমার প্রিয় ভাই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে আমি আত্মবিশ্বাসী যে তার ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা ও বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি দৃঢ় অঙ্গীকার সাধারণ পরিষদকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করবে।’
জাতিসংঘে বাংলাদেশের সঙ্গে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখার আগ্রহও প্রকাশ করেন ইসহাক দার।
তিনি আরও বলেন, ‘আমি জাতিসংঘে আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখতে, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, অভিন্ন বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে এবং আলোচনা, শান্তি ও টেকসই উন্নয়ন প্রসারে একসঙ্গে কাজ করতে বেশ আগ্রহী।’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ড. খলিলুরের সার্বিক সাফল্য কামনা করেন।
গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গোপন ব্যালটের মাধ্যমে কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশ পায় ৯৯টি ভোট ও সাইপ্রাস পায় ৯১টি ভোট।
এই জয়কে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের নেতৃত্ব ও বহুপক্ষীয় বিষয়ে সক্রিয় অংশগ্রহণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।
এ বছরের সেপ্টেম্বর মাসে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হলে ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
মন্তব্য করুন