জেলার ৫টি উপজেলায় আজ পৃথক ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় আনুমানিক ৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ মাদক সেবনের দায়ে এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে মোট ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দুর্গাপুর, বারহাট্টা, খালিয়াজুরী, পূর্বধলা ও নেত্রকোণা সদর উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযানসমূহ পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
আজ বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের কলাভাঙ্গা বিলে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫৫০ মিটার দীর্ঘ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। বারহাট্টার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময়ে অপরাধীকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও জব্দ জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া ঘরের পাশে কারেন্ট জাল তৈরির সময় অপর এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ৩০ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট আইনে ওই ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পূর্বধলা উপজেলায় আজ ধলামূলগাঁও ইউনিয়নের সিংড়া বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় উপজেলা প্রশাসনের সহায়তায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে বিল থেকে আনুমানিক দেড় লক্ষ টাকা মূল্যের ৩০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এদিকে খালিয়াজুরী উপজেলায় মাসব্যাপী মৎস্য আহরণ নিষেধাজ্ঞার অংশ হিসেবে গতকাল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের ২৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হলেও উপস্থিতির টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন স্থানে গতকাল বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে কুরপার সিএনজি স্ট্যান্ডে বাড়তি ভাড়া আদায় বন্ধে পদক্ষেপ নেয়া হয় এবং যাত্রীদের থেকে নেয়া বাড়তি ভাড়া ফেরত দিতে চালকদের বাধ্য করা হয়। এছাড়া মদন বাসস্ট্যান্ডে অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ২টি মামলায় ২ জনকে ১৫০০ টাকা অর্থদ- করা হয়। একই সময়ে সদর উপজেলার কাটলি ও নাগড়া ব্রিজ এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে পৃথক ৪টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড, একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দুর্গাপুর উপজেলায় গতকাল বিকাল ৪টায় বাসস্ট্যান্ডে গণপরিবহনে ভাড়া মনিটরিংয়ের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে সিএনজিতে দুর্গাপুর হতে ময়মনসিংহে অতিরিক্ত ভাড়া আদায় করায় একজন সিএনজি চালককে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও গত মধ্যরাতে পৌরসভার বুরংগা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহাঙ্গীর (২৭) এবং আলমগীর (২৫) নামের দুইজনকে ট্যাবেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ‘ক’ শ্রেণির মাদক সেবনের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এই ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
মন্তব্য করুন