রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ প্রথমবারের মতো ‘ডিনস এ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসিফা নার্গিস এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের এ ডিনস এ্যাওয়ার্ড-ভালো সিজিপিএ অর্জন, বছরজুড়ে পড়াশোনা অব্যাহত রাখা, আন্তরিকতা ও সততা বজায় রাখা, একাডেমিক গ্যাপ না থাকা, পরীক্ষায় ইম্প্রুভমেন্ট না রাখা, ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের শিষ্টাচার-শৃঙ্খলা মেনে চলার স্বীকৃতি। প্রতি বছর শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম ও ভালো কাজের স্বীকৃতির জন্য ডিনস এ্যাওয়ার্ড প্রদান অব্যাহত রাখার জন্য তিনি আহ্বান জানান।
এ বছর রাবিপ্রবি’তে প্রথমবারের মতো ‘ডিনস এ্যাওয়ার্ড’ পেয়েছেন ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইতিকা আইচ এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী জাফরিন আক্তার শিলা। ডিনস এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী ইতিকা ও জাফরিন তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং তাদের এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবার এবং তাদের সহপাঠীদের ধন্যবাদ জানান।
শিক্ষার্থীরা এ ‘ডিনস এ্যাওয়ার্ড’ সামনে চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করেন।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিনস এ্যাওয়ার্ড নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং চেক প্রদান করা হয়। নীতিমালা-২০২৫ অনুসারে, স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৭৫ বা তদুর্ধ্ব সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী ডিনস এ্যাওয়ার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবে এবং কোনো শিক্ষার্থী পুনঃভর্তি/সম্পূরক/মান-উন্নয়ন গ্রহণ করলে এবং আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকলে ডিনস এ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হবে না।
এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন