জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।
রেডক্রস ও রেডক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জ্বীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক (রাসিক) ও রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, মহামারি, অগ্নিকা-, বন্যা কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা অনুকরণীয় ভূমিকা পালন করছেন। মানুষের দুঃসময়ে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে নিয়োজিত সকল স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রাসিক প্রশাসক আরও বলেন, বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে সকল ড্রেনের কাঁদামাটি অপসারণে ১০ দিনের প্রাইলট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী বর্ষায় যাতে নগরবাসীর ভোগান্তি লাঘব হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বর্ষা মৌসুমে কোথাও জলাবদ্ধতা দেখা দিলে রেডক্রিসেন্ট সদস্যরা তা নিরসনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ জ্বীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ড. মো. শামীম হোসেন চৌধুরী, সিটি ইউনিট অফিসার মীর্জা শামীম আহসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ।
মন্তব্য করুন