জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সরকারি ও বিরোধীদলীয় সংসদ-সদস্যদের সমন্বয়ে একটি ককাস গঠন করা হবে। এ ককাস সংসদে শিশু অধিকার বিষয়ক আলোচনা ও বাজেট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। শিশুদের সংসদ অধিবেশন গ্যালারিতে বসে উপভোগের সুযোগ সৃষ্টির জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া, বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে বাংলাদেশ উপমহাদেশে একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারমূলক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা সক্ষম হয়েছে। এ সময় তারা চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপেরও প্রশংসা করেন।
সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন