সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম বন্ধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাকসুদুল হকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন আহসানুল্লাহ, সাকিল খান, আব্দুল্লাহ, নাহিদ হৃদয়, পরান, রাকিব, রাফি সরকার, নাঈম, শরিফুল ও আব্দুর রহমানসহ আরও অনেকে।
মিছিল থেকে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম বন্ধ এবং সংগঠনটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তবে এ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, কিংবা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন