পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সাদিয়া আক্তার সর্বোচ্চ ৩৪ ও নিশিতা আক্তার নিশি ২৩ রান করেন। এছাড়া সাদিয়া ইসলাম ও শ্রাবনী রানি উভয়েই সমান ১২ রান করে যোগ করেন। পাকিস্তানের হয়ে মাহনুর জেব ৩টি উইকেট লাভ করেন।
১১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ২৯ রান আসে কমল খানের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ২টি উইকেট তুলে নেন নিশি। পাশাপাশি ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও অদ্রিতা নওশিন একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন নিশি। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন