যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নির্বাচনী গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আইওয়ায় দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। কয়েক সপ্তাহ পর মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যটিতে তিনি এ ঘোষণা দিলেন।
ট্রাম্প ঘোষিত ১৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পের লক্ষ্য হলো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের ক্ষোভ এবং ইরান যুদ্ধের অচলাবস্থার মধ্যে চাপে থাকা রিপাবলিকানদের জন্য ইতিবাচক বার্তা তুলে ধরা।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প ওভাল অফিসে বলেন, ‘আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মেসাবি মেটালিকস মহান অঙ্গরাজ্য আইওয়ায় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা নির্মাণ করবে।’
হোয়াইট হাউস জানিয়েছে, ইস্পাত কারখানাটি নির্মাণে ব্যয় হবে ১৫ বিলিয়ন ডলার। এতে মিনেসোটায় মেসাবির নতুন লৌহ আকরিক খনি থেকে আকরিক ব্যবহার করা হবে। হোয়াইট হাউসের দাবি, এটি যুক্তরাষ্ট্রে ৫০ বছরে নির্মিত প্রথম নতুন এ ধরণের কারখানা।
আইওয়া এমন কয়েকটি অঙ্গরাজ্যের একটি, যেগুলো সাধারণত রিপাবলিকানরা সহজেই ধরে রাখবে বলে ধারণা করা হয়। তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এখন দলটি এসব অঙ্গরাজ্য নিয়ে উদ্বিগ্ন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আইওয়ায় বড় ব্যবধানে জয় পান। তবে তাঁর সঙ্গে ওভাল অফিসে থাকা রিপাবলিকান সিনেট প্রার্থী অ্যাশলি হিনসন বর্তমানে জনমত জরিপে তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে রয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা শুধু প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণই হারানোর ঝুঁকিতে নেই, সিনেটের নিয়ন্ত্রণও হারাতে পারেন। এমনটি হলে ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বাধাগ্রস্ত হবে এবং তৃতীয়বার অভিশংসনের মুখে পড়ার ঝুঁকি তৈরি হবে।
মন্তব্য করুন