বিশেষ প্রতিনিধি, ঢাকা:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্ল্যাটিনাম সরকারি স্কুল এক্স-স্টুডেন্টস্ এসোসিয়েশন’-এর কমিটি পুনর্গঠন ও পুনর্মিলনী সভা। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতায় অবস্থিত ‘সী লাউঞ্জ মাল্টি কুইজিন রেস্টুরেন্টে’ (Sea Lounge Multi Cuisine Restaurant) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো: নাজমুল হাসান (লিটন) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন পিস হোল্ডিংস পাইগ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: শরিফুজ্জামান।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিনের পুরোনো স্মৃতিচারণ, সহপাঠীদের সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য প্রকাশের মধ্য দিয়ে পুরো আয়োজনটি অনন্য মাত্রা পায়।
নবনির্বাচিত সভাপতি মো: নাজমুল হাসান (লিটন) ও সাধারণ সম্পাদক মো: শরিফুজ্জামান তাঁদের বক্তব্যে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় রাখা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা এবং বিদ্যালয়ের সার্বিক কল্যাণে ভূমিকা রাখাই হবে আগামী দুই বছরের মূল লক্ষ্য।
মনোজ্ঞ আলোচনা, শুভেচ্ছা বক্তব্য ও নৈশভোজের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এই পুনর্মিলনী সভার সফল সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন