বিনোদন ডেস্ক, লিড নিউজ ২৪:
বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ (The Bads of Bollywood) ওটিটি প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলেছিল। প্রথম সিজনের সাফল্যের পর থেকেই পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। এবার ভক্তদের জন্য এল সেই বহু কাঙ্ক্ষিত সুখবর। জানা গেছে, তুমুল জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হতে যাচ্ছে আগামী ২০২৭ সালের মার্চ মাসে।
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-এর একটি এক্সক্লুসিভ রিপোর্টের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
ফিরছেন পুরনো তারকারাই
নতুন সিজনে গল্পে কী কী চমক থাকছে, তা নিয়ে নির্মাতারা আপাতত মুখে কুলুপ আঁটলেও, কাস্টিং নিয়ে বড় খবর মিলেছে। জানা গেছে, প্রথম সিজনের জনপ্রিয় তারকাদের প্রায় সবাই দ্বিতীয় সিজনেও পর্দায় ফিরছেন। এর মধ্যে রয়েছেন লক্ষ্য (আসমান সিং), সাহের বম্বা (কারিশমা তলোয়ার), ববি দেওল (অজয় তলোয়ার), রাঘব জুয়াল (পারভেজ) এবং আন্যা সিং (সানিয়া)। এছাড়াও মোনা সিং, মনোজ পাহওয়া, মনীশ চৌধুরী এবং রজত বেদীর মতো গুণী অভিনেতাদেরও স্ব স্ব চরিত্রে ফেরার কথা রয়েছে।
নেপথ্যের কারিগর যারা
সাত পর্বের প্রথম সিজনটিতে বলিউডের অন্দরের নানা অজানা গল্প, ড্রামা, কমেডি আর অ্যাকশনের দারুণ এক মিশ্রণ তুলে ধরেছিলেন আরিয়ান খান। সিরিজটির মাধ্যমে পরিচালক হিসেবে তার দারুণ অভিষেক ঘটে। শুধু পরিচালনাই নয়, বিলাল সিদ্দিকী ও মানব চৌহানের সঙ্গে সিরিজটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। শাহরুখ-পত্নী গৌরী খানের প্রযোজনায় এবং ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত এই সিরিজটি নেটফ্লিক্সের গ্লোবাল টপ চার্টেও শীর্ষ দশে জায়গা করে নিয়েছিল।
গত আগস্ট মাসেই সিরিজের অন্যতম লেখক বিলাল সিদ্দিকী ইঙ্গিত দিয়েছিলেন যে, দ্বিতীয় সিজন নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের মার্চ থেকেই আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়বেন আরিয়ান ও তার টিম।
এখন দেখার বিষয়, প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও আরিয়ান খান তার পরিচালনার জাদুতে দর্শকদের মুগ্ধ করতে পারেন কি না।
মন্তব্য করুন