বিনোদন ডেস্ক:
ধারাবাহিক ব্যর্থতা আর কঠিন সময় পার করে অবশেষে বক্স অফিসে নিজের পুরনো রাজত্ব ফিরে পেয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। কোনো একটি নির্দিষ্ট হিট সিনেমা বা ফ্রাঞ্চাইজির ওপর নির্ভর করে নয়, বরং পরপর কয়েকটি সিনেমার বাণিজ্যিক সফলতায় ভারতীয় বক্স অফিসে তার এই অভাবনীয় প্রত্যাবর্তন ঘটেছে।
বলিউড বিষয়ক জনপ্রিয় পোর্টাল বলিউড হাঙ্গামা-র পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে অক্ষয় কুমারের ১০টি প্রেক্ষাগৃহ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভারতে মোট ৪৮৪.৮৪ কোটি রুপি আয় করেছিল, যা সিনেমা প্রতি গড়ে ছিল মাত্র ৪৮.৪৮ কোটি রুপি। তবে ২০২৫ সাল থেকেই চিত্র বদলাতে শুরু করে। সে বছর তার মাত্র ৪টি সিনেমা (স্কাই ফোর্স, কেসরি চ্যাপ্টার ২, হাউসফুল ৫ এবং জলি এলএলবি ৩) সম্মিলিতভাবে প্রায় ৪৯৯.০৩ কোটি রুপি আয় করে। ফলে এক বছরের ব্যবধানেই ছবি প্রতি তার গড় আয় লাফিয়ে ১২৪.৭৬ কোটি রুপিতে গিয়ে দাঁড়ায়।
প্রত্যাবর্তনের এই ধারাবাহিকতা ২০২৬ সালেও বজায় রয়েছে। বছরের প্রথম দুটি মুক্তিপ্রাপ্ত সিনেমা ভূত বাংলা এবং ওয়েলকাম টু দ্য জঙ্গল ইতিমধ্যে ২৯৯.০১ কোটি রুপি তুলে নিয়েছে। এর ফলে ২০২৬ সালে সিনেমা প্রতি তার গড় আয় দাঁড়িয়েছে প্রায় ১৪৯.৫১ কোটি রুপি, যা ২০২৫ সালের গড় আয়ের চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি।
চলতি ২০২৬ সালে অক্ষয়ের আরও দুটি আলোচিত সিনেমা—প্রিয়দর্শন পরিচালিত হাইওয়ান (সহ-অভিনেতা সাইফ আলি খান) এবং আনিস বাজমি পরিচালিত নাম ঠিক না হওয়া একটি কমেডি ছবি (সহ-অভিনেত্রী বিদ্যা বালান) মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি কাঙ্ক্ষিত ব্যবসা করতে পারলে চলতি বছরেই অক্ষয়ের মোট বক্স অফিস কালেকশন ৬০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারে। আর এমনটা হলে ২০২৬ সালটি হবে ২০১৯ সালের পর অক্ষয় কুমারের ক্যারিয়ারের সবচেয়ে সফল ও সর্বোচ্চ আয়কারী বছর।
মন্তব্য করুন