গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের সদর থানার মারিয়ালি এলাকায় হাওলাতের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মারিয়ালি মধ্যপাড়ার বাসিন্দা মো. সোহেব জানান, প্রায় এক মাস আগে প্রতিবেশী ভাড়াটিয়া মো. আল আমিন মিয়া ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তার কাছ থেকে ২০ হাজার টাকা হাওলাত নেন। পরে একাধিকবার টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২২ জুন ২০২৬ বিকেল প্রায় ৫টার দিকে মারিয়ালি ব্রিজসংলগ্ন একটি খাবারের হোটেলে সোহেবের চাচাতো ভাই মো. আমিনুল আহম্মেদের ব্যবহৃত একটি NexG N75 মোবাইল ফোন চার্জে রাখা হয়। এ সময় আল আমিনকে সেখানে বসিয়ে রেখে আমিনুল পাশের দোকানে বিকাশ থেকে টাকা উত্তোলন করতে যান। ফিরে এসে তিনি মোবাইল ফোন ও আল আমিন—কাউকেই সেখানে পাননি।
পরে অভিযুক্তের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়ভাবে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হয়। পরে তাদের পরামর্শে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তের কাছে তার ২০ হাজার টাকা পাওনা রয়েছে এবং সুযোগ বুঝে তিনি চার্জে থাকা মোবাইল ফোনটি নিয়ে আত্মগোপন করেন।
এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন