গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জাহিদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী বাজুনিয়া পাড়া গ্রামস্থ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মো. জাহিদ ওই এলাকার পাথুরিয়া পাড়া গ্রামের মনতাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বাজুনিয়া পাড়া এলাকায় অবস্থান নেয়। সেখানে মাদক কেনাবেচা হওয়ার সময় অভিযান চালিয়ে মো. জাহিদকে আটক করা হয়। এসময় তার পরিহিত লুঙ্গির ডান দিকের কোঁচে লুকিয়ে রাখা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ইয়াবাসহ গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং ১৯, তারিখ: ০৮/০৭/২০২৬ খ্রি.) রুজু করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন