রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া ভোলা বস্তি এলাকায় রাস্তার পাশের অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপনগর থানা পুলিশ।
বুধবার (আজ) বিকেল ৪টার দিকে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তার পাশের অবৈধ দখল অপসারণের পাশাপাশি এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে ওসি নোমান হোসেন বলেন, “রাস্তার পাশে কোনো অবৈধ ফুটপাত বা দখল থাকতে দেওয়া হবে না। জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা হবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে দখল বা কোনো ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “রূপনগরের দুয়ারীপাড়া এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধের স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এ সময় রূপনগর থানার অপারেশন অফিসার তারেকসহ প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশ নেন। পুলিশের উপস্থিতিতে এলাকাবাসী অভিযানকে স্বাগত জানান এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগকে সাধুবাদ জানান।
রূপনগর থানা পুলিশ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, অবৈধ দখল এবং সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন