গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ কার্যক্রম পরিদর্শন করেন।

প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধক্ষেত্রের বাস্তবধর্মী অনুশীলন, আধুনিক রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং সেনাসদস্যদের অপারেশনাল প্রস্তুতি প্রত্যক্ষ করেন। তিনি প্রশিক্ষণের উচ্চমান, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে দেশপ্রেম, দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে নিজেদের সক্ষমতা আরও সুসংহত করছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাস্তবমুখী প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি এবং পেশাদারিত্ব বৃদ্ধির ধারাবাহিক উদ্যোগ সেনাবাহিনীকে আরও আত্মবিশ্বাসী ও কার্যকর বাহিনীতে পরিণত করছে। গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ সেই ধারাবাহিকতারই একটি সফল প্রতিফলন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন