সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরির মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক পরীক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কসবা পৌর শহরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তাঁর ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)।
পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, অভিযুক্ত তাসফিয়া রহমান জান্নাত তাঁর এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে এইচএসসি পরীক্ষার একটি ভুয়া প্রবেশপত্র প্রস্তুত করেন। পরবর্তীতে ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় তিনি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসেন।
পরীক্ষা চলাকালীন প্রবেশপত্র যাচাইয়ের সময় তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আবুল কালাম আজাদের সন্দেহ হয়।
তাৎক্ষণিকভাবে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা উপ-নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে নিশ্চিত হওয়া যায় যে, তাসফিয়া রহমান জান্নাত নামের কোনো শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন না এবং উপস্থাপিত প্রবেশপত্রটি সম্পূর্ণ ভুয়া।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত অভিযুক্ত তাসফিয়া রহমান জান্নাত ও ইনজামামুল হককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা পরিশোধ এবং ভবিষ্যতে এমন অপরাধে না জড়ানোর মুচলেকা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
কেন্দ্র সচিব মো. আবুল কালাম আজাদ জানান, প্রবেশপত্রের কোড নম্বর ও বিষয়ভিত্তিক তথ্যে অসঙ্গতি থাকায় বিষয়টি ধরা সম্ভব হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির বলেন, আইনানুগ ব্যবস্থা হিসেবে অভিযুক্তদের দণ্ড দেওয়া হয়েছে এবং তাঁরা মুচলেকা দিয়েছেন।
মন্তব্য করুন