ভোলার লালমোহনে ২০২৫-২৬ অর্থবছরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, বিভিন্ন মৌসুমি সবজির বীজ, মরিচের বীজ, লেবুর চারা ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ উপলক্ষে এক শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিফাত বিন-(সাদেক), সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪ হাজার ৬০০ জন কৃষককে আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। প্রতিটি কৃষক পাবেন ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। এছাড়া ৫ হাজার ৩৯০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫টি করে বৃক্ষের চারা, ২৫ কেজি গোবর সার ও ৫টি করে খুঁটি বিতরণ করা হবে। হাইব্রিড মরিচ চাষ সম্প্রসারণে ২৫০ জন কৃষককে ১০ গ্রাম ওজনের ১ প্যাকেট মরিচের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ১০০ মিলিলিটার তরল বালাইনাশক দেওয়া হবে। অন্যদিকে গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫০০ জন কৃষককে ৭ ধরনের ৭ প্যাকেট সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
এছাড়া ১০০ জন কৃষকের মাঝে ৫টি করে লেবুর চারা ও ২৫ কেজি জৈব/গোবর সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
মন্তব্য করুন