বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
-দুই ব্রাজিলীয়-
ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, দেশটির দুই নাগরিক, একজন পুরুষ ও একজন নারী এই ভূমিকম্পে নিহত হয়েছেন।
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, নিহতদের স্বজনদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।
-একজন দ্বৈত নাগরিক-
রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, কারাকাসে জন্ম নেওয়া এবং ইতালি ও ভেনেজুয়েলার দ্বৈত নাগরিক পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে ভবন ধসে প্রাণ হারিয়েছেন।
ইতালির হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলায় প্রায় এক লাখ ৭০ হাজার ইতালীয় পাসপোর্টধারী বাস করেন।
-দুই চীনা-
কারাকাসে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে বেইজিংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভূমিকম্পে নিহতদের মধ্যে দুই চীনা নাগরিকের মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
দূতাবাসটি তাদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলায় অবস্থানরত চীনা নাগরিকদের আফটারশক ও অন্যান্য ভূমিকম্পজনিত সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন