আজ ১০ মুহাররম। পবিত্র আশুরা। হিজরি মুহাররম মাসের দশম দিন। ইতিহাস, শোক ও ত্যাগের মহিমায় এই দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের মতো এবছরও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে আজ সকাল সাড়ে ৯ টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়। ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা নিয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় পাক পাঞ্জাতন পরিষদের আয়োজনে দোয়া মোনাজাত ও আশুরা মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা বলেন, আজকের দিনটিতে কারবালার সব শহীদদের স্মরণ করে মিছিল করছি। এই মিছিলের মাধ্যমে আমরা সমাজে একটা বার্তা পৌঁছে দিতে চাই, শিয়া কিংবা সুন্নি নয়, আমরা সবাই মুসলমান, এটাই আমাদের বড় পরিচয়।
তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের সাথে ছিলেন।
মন্তব্য করুন