লিড নিউজ ২৪ ডেস্ক
ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তিন সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়নে মোট ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ের চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে তিন সিটির সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, নর্দমা ও ফুটপাত নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনের কাজ করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু সড়ক নির্মাণ নয়, দীর্ঘমেয়াদি পয়োনিষ্কাশন ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা যুক্ত করার কথা রয়েছে।
রংপুর সিটি করপোরেশন এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন করা হবে। অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে নতুন সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়কের উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পগুলোর সঙ্গে নির্বাচনী প্রস্তুতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব প্রকল্পের প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। ভবিষ্যতেও সিটি করপোরেশনগুলোর অবকাঠামোগত উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া হবে।
নগর অবকাঠামোর মান নিশ্চিত করতে একনেক সভায় বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। কোনো সড়ক বা অবকাঠামো নির্মাণের তিন বছরের মধ্যে ত্রুটি বা সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদারকে তা মেরামত করে দেওয়ার বাধ্যবাধকতা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণের প্রকল্পে কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিনের একনেক সভায় সব মিলিয়ে ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা।
অনুমোদিত বড় প্রকল্পগুলোর মধ্যে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগও রয়েছে। সৌরবিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যাটারি ব্যাকআপের সময় চার ঘণ্টা থেকে বাড়িয়ে আট ঘণ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রকল্পটির ব্যয় কিছুটা বাড়তে পারে।
এ ছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টি, বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ, দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ এবং রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সরকারের নতুন এসব উদ্যোগ বাস্তবায়িত হলে তিন সিটি করপোরেশনের সড়ক যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির পাশাপাশি নাগরিক দুর্ভোগ, বিশেষ করে জলাবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত সড়কজনিত সমস্যা কমানোর সুযোগ তৈরি হবে।
মন্তব্য করুন