কুমিল্লার কোতয়ালী এলাকা থেকে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ ও পাঁচ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত নারীর নাম শাহানাজ বেগম (৩৭)। তিনি কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।
শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৩১ জুলাই) সকালে কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে শাহানাজ বেগমকে গ্রেফতার করা হয় এবং তাঁর কাছ থেকে ২৯.৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ ও ৫০০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শাহানাজ দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন