গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর রাজনীতিতে তৃণমূল পর্যায়ে আলোচিত নাম হয়ে উঠেছেন যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় তিনি সাধারণ নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, গত প্রায় ১৭ বছর রাজনৈতিক নানা প্রতিকূলতা, মামলা, হামলা এবং কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হলেও মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় দলীয় রাজনীতি থেকে সরে যাননি। বরং দলের দুঃসময়ে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের দাবি, দলীয় আদর্শের প্রতি তার নিষ্ঠা ও সক্রিয়তার কারণে তৎকালীন ক্ষমতাসীন দলের আমলে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হন এবং দীর্ঘ সময় নিজ এলাকা থেকেও দূরে থাকতে বাধ্য হন।
স্থানীয়দের দাবি, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠলেও মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ সামনে আসেনি। এলাকাবাসীর ভাষ্য, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।স্থানীয় নেতাকর্মীদের একাংশের মতে, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়কে দায়িত্ব দেওয়া হলে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এ কারণে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর একটি অংশ তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে আগ্রহী বলে তারা জানিয়েছেন।
মন্তব্য করুন