ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়।
আজ দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন নতুন মহাপরিচালক। এ সময় তিনি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে একটি রাজনীতিমুক্ত, কার্যকর, পরিচ্ছন্ন ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা ও বিধি-বিধান মেনে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে যোগদান করেন। পাশাপাশি তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বিভিন্ন কওমি মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবেও খেদমত প্রদান করেছেন।
পরিচিতি সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক আ. ছালাম খানসহ সংস্থাটির পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন